Dhaka Mail Logo

সারাদেশ

গাজীপুরে বিকাশের কোটি টাকা লুটের দুই দিন পর মামলা

জেলা প্রতিনিধি

১১ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পিএম

গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের ডিস্ট্রিবিউটরের কোটি টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনার দুইদিন পর থানায় মামলা করেছে বিকাশ কর্তৃপক্ষ।

রোববার (১১ অক্টোবর) দুপুরে এ তথ্য জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।

তিনি জানান, গাজীপুরের শ্রীপুর থানায় বিকাশ ডিস্ট্রিবিউটর ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড শ্রীপুর’ এর মালিক মো. মাহমুদুল হাসান মামুন বাদী হয়ে শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাতে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত হিসেবে ৮-১০ জনকে আসামি করা হয়েছে। মামলায় ২ কোটি ৩০ লাখ টাকা খোয়া যাওয়ার তথ্য দেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় এখনও কেউ গ্রেফতার বা আটক হয়নি। টাকা উদ্ধার ও দুর্বৃত্তদের শনাক্তে শ্রীপুর থানা পুলিশ, গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ, এসআরবি ও পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিটের সদস্যরা কাজ করছে।

এর আগে শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায়  বিকাশের একাউন্টস ম্যানেজারকে গুলি করে কোটি টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

বিকাশের ডিস্ট্রিবিউটর ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড শ্রীপুর’ এর ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, প্রতিষ্ঠানটি শ্রীপুরে বিকাশের কার্যক্রম পরিচালনা করে। শুক্রবার সব ব্যাংক বন্ধ থাকা ও গার্মেন্টস কর্মীদের বেতনের চাপ থাকায় নগদ টাকার সংকটে পড়েন তারা। বিকাশের নিয়ম অনুযায়ী নরসিংদী সদরের বিকাশ ডিস্ট্রিবিউটর হযরত আলী মুন্সীকে বিকাশের ব্যালেন্স দিয়ে তিনটি প্লাস্টিকের বস্তায় নগদ ৪ কোটি টাকাসহ প্রাইভেটকার যোগে মাওনা চৌরাস্তার অফিসে আনা হচ্ছিল। প্রাইভেটকারটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০-১২টি মোটরসাইকেলযোগে এসে দুর্বৃত্তরা পথরোধ করে পিস্তল বের করে অ্যাকাউন্টস ম্যানেজারকে লক্ষ্য করে গুলি করে। প্রাইভেটকারের পেছনের ডিকিতে থাকা তিনটি প্লাস্টিকের বস্তায় ৪ কোটি টাকা ছিল। সেখান থেকে দুইটি প্লাস্টিকের বস্তা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। প্রথমে ধারণা করা হয়েছিল যে, তিন কোটি টাকার মতো লুটের ঘটনা ঘটেছে। পরে প্রাইভেটকার ডেস্কে থাকা বস্তার টাকা গণনা করে সেখানে ১ কোটি ৭০ লাখ টাকা পাওয়া যায়। দুর্বৃত্তরা যে দুইটি বস্তা নিয়ে গেছে সেখানে ২ কোটি ৩০ লাখ টাকার মতো ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

প্রতিনিধি/টিবি