জেলা প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৬, ০২:২৪ পিএম
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকাল ৬টা থেকে সাজেক সড়কে সাজেক কার্বারী এসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ডাকে এ কর্মসূচি পালিত হচ্ছে।
এদিন সকাল থেকে সাজেক-দীঘিনালা সড়কের ১০ নম্বর, রেতকাবা, উজোবারসহ বিভিন্ন জায়গায় সড়কে গাছের গুঁড়ি ফেলে পিকেটিং করছেন অবরোধকারীরা। অবরোধে যানচলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাজেকে ভ্রমণে যাওয়া পর্যটকরা।

সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা বলেন, সকাল থেকে সাজেক সড়কের বিভিন্ন জায়গায় আমাদের অনির্দিষ্টকালের অবরোধ চলছে। যান চলাচলের বন্ধ রয়েছে। রোগী বহনকারী গাড়ি, সংবাদকর্মীদের গাড়ি, ওষুধ ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহনগুলো অবরোধের আওতামুক্ত থাকবে। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় অবরোধকারীদের বাঁধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা বলেন, অবরোধের কারণে সকালে কোনো পর্যটকবাহী গাড়ি পর্যটন কেন্দ্র থেকে যেতে পারেনি।

সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা সেনাবাহিনীসহ কাজ করছি।
এর আগে, শনিবার (১০ অক্টোবর) দুপুরে সাজেক কার্বারি এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা এক যৌথ বিবৃতিতে সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দেন।
প্রতিনিধি/টিবি