Dhaka Mail Logo

সারাদেশ

মেহেরপুর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড

জেলা প্রতিনিধি

১১ অক্টোবর ২০২৬, ১০:০৫ এএম

মেহেরপুরের গাংনী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৬ বাংলাদেশি নাগরিককে পুশইন করার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির সতর্ক প্রহরা ও দৃঢ় বাধার মুখে ভারতীয় বাহিনী তাদেরকে বাংলাদেশে পাঠাতে সক্ষম হয়নি।

রোববার (১১ অক্টোবর) আনুমানিক ভোর ৫টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ রংমহল বিওপি সীমান্তে এ ঘটনা ঘটে।

​বিজিবি সূত্র জানায়, দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩৭-এর নিকট দিয়ে প্রতিপক্ষ ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মুরুটিয়া থানার ১১ বিএসএফ ব্যাটালিয়নের পাকশী ক্যাম্পের সদস্যরা ২ পুরুষ ও ৪ নারীসহ মোট ৬ বাংলাদেশি নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের (অনধিকার প্রবেশ) চেষ্টা চালায়। এসময় রংমহল বিওপির একটি নিয়মিত টহলদল বিষয়টি দেখতে পায় এবং তাৎক্ষণিকভাবে জিরো লাইনে অবস্থান নিয়ে কঠোর বাধা প্রদান করে। বিজিবির দৃঢ় অবস্থানের কারণে বিএসএফ তাদের সীমানা পার করে বাংলাদেশে পাঠাতে ব্যর্থ হয়।

​ঘটনাটি নিশ্চিত করে রংমহল বিওপির নায়েব সুবেদার বেলায়েত হোসেন জানান, বিজিবির কড়া নজরদারি ও বাধার কারণে বিএসএফ পুশইন সম্পন্ন করতে পারেনি। বর্তমানে ওই ৬ নাগরিক সীমান্ত পিলার ১৩৭ হতে কাঁটাতারের এপাশে ভারতের সীমানায় আনুমানিক ১০০ গজ অভ্যন্তরে অবস্থান করছেন।

​সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইন রোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন এবং টহল জোরদার করা হয়েছে। ঘটনার বিষয়ে বিএসএফের সঙ্গে পরবর্তীতে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা।

প্রতিনিধি/টিবি