জেলা প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৬, ১২:৩৯ এএম
বগুড়া সদর উপজেলায় গাজী ইন্টারন্যাশনালের মালিকানাধীন গাজী টিউবওয়েল কারখানায় ১০০ থেকে ১৫০ জনের একটি দল হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় কারখানার সিসি ক্যামেরা ভাঙচুর, নিরাপত্তাকর্মীদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং সীমানাপ্রাচীর ভেঙে প্রবেশপথ বন্ধ করে দেওয়ার অভিযোগ করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে এ ঘটনা ঘটে বলে প্রতিষ্ঠানসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
প্রতিষ্ঠানসংশ্লিষ্টদের অভিযোগ, একদল লোক সংঘবদ্ধভাবে কারখানায় প্রবেশ করে প্রথমে প্রতিষ্ঠানের সব সিসি ক্যামেরা ভাঙচুর করে। এ সময় নিরাপত্তাকর্মীদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে হাতুড়ি ও ভারী সরঞ্জাম দিয়ে কারখানার সীমানাপ্রাচীর ভাঙচুর করা হয়। একপর্যায়ে কারখানার প্রবেশপথের সামনে প্রায় ৩ ফুট উঁচু ও ১৫ ফুট দীর্ঘ একটি দেয়াল নির্মাণ করা হয়। এতে কারখানার প্রবেশপথ বন্ধ হয়ে যায় এবং প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়।
প্রতিষ্ঠানসংশ্লিষ্টরা জানান, গাজী ইন্টারন্যাশনাল, বগুড়া প্রায় ২০ বছর ধরে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৫০০ জনের বেশি শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীর কর্মসংস্থান জড়িত। এ ধরনের ঘটনায় প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানও ঝুঁকির মুখে পড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন।
ঘটনার খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে।
এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী বলেন, ‘ঘটনাটি শোনার পর আমরা পুলিশ পাঠিয়েছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।’
এ ঘটনায় কারখানার নিরাপত্তা, সম্পদের ক্ষয়ক্ষতি এবং শ্রমিক-কর্মচারীদের কর্মপরিবেশ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত, সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানসংশ্লিষ্টরা।
তবে হামলার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রতিনিধি/এসআই