Dhaka Mail Logo

সারাদেশ

ফেনী নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান, ৩ হাজার মিটার অবৈধ জাল জব্দ

জেলা প্রতিনিধি

১০ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পিএম

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ফেনী নদী ও এর মোহনায় বিশেষ অভিযান চালিয়েছে সোনাগাজী উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। অভিযানে নদীতে অবৈধভাবে বসানো প্রায় ৩ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া ও উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আক্তারের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা বিজয় কুমার পাল জানান, অভিযানের সময় নদীতে কোনো জেলেকে মাছ ধরতে দেখা যায়নি। তবে নদীতে অবৈধভাবে বসানো প্রায় ৩ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়েছে।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, মা ইলিশের প্রজনন সুরক্ষায় ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ফেনী নদী ও এর মোহনায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয়, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও বিনিময় আইনত দণ্ডনীয় অপরাধ।

অভিযানে সোনাগাজী মডেল থানা পুলিশের একটি দল ও স্থানীয় মৎস্যজীবীরা সহযোগিতা করেন।

সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া জানান, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা ও দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এলএ