Dhaka Mail Logo

সারাদেশ

হবিগঞ্জে বিজিবির বিশেষ অভিযান: ভারতীয় গাঁজা, মদ ও ফুচকাসহ আটক ২

জেলা প্রতিনিধি

১০ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পিএম

হবিগঞ্জে বিজিবির পৃথক অভিযানে প্রায় ৭১ লাখ ৩৩ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। এ সময় দুটি যানবাহনসহ দুজনকে আটক করা হয়। জব্দ মালামালের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা, ৩৬ কেজি গাঁজা, ভারতীয় মদ ও আতশবাজি।

শনিবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত নিরাপত্তা রক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়।

৮ অক্টোবর সকাল ১১টার দিকে গোপন সংবাদে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের চন্ডিছড়া এলাকায় অভিযান চালায় ৫৫ বিজিবির একটি বিশেষ টহলদল। সীমান্ত থেকে প্রায় চার কিলোমিটার দূরে রাস্তার পাশে সন্দেহজনক অবস্থায় একটি কাভার্ডভ্যান দেখতে পেয়ে তল্লাশি চালানো হয়। এ সময় কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ফুচকা উদ্ধার করা হয়। জব্দ পণ্য ও কাভার্ডভ্যানের আনুমানিক মূল্য ৬০ লাখ ১০ হাজার ৮০০ টাকা।

এদিকে, শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুসকুড়িছড়া চা-বাগান এলাকায় অভিযান চালায় সিন্দুরখান বিওপির টহলদল। সীমান্ত পিলার থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে ২৩ বোতল ভারতীয় মদ ও ৫৬৫ পিস আতশবাজি উদ্ধার করা হয়। এ সময় সিএনজিসহ দুজনকে আটক করা হয়।

আটকরা হলেন- মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার লালটিলা গ্রামের শ্রী জীবন চাষা (২৫) এবং সিন্দুরখান গ্রামের রাজন কয়েরী (৩৫)।

অপরদিকে, ৫৫ বিজিবির অধীনস্থ চিমটিবিল ও সাতছড়ি বিওপির টহলদল শনিবার সন্ধ্যায় পৃথক দুটি অভিযান চালায়। এসব অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩৬ কেজি ভারতীয় গাঁজা ও দুই বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা মাদকদ্রব্য, অন্যান্য চোরাচালানি মালামাল ও আটকদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ পণ্য প্রবেশ রোধে টহল ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সীমান্ত এলাকায় বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এলএ