জেলা প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৬, ০৯:১০ পিএম
সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় গ্রামের সীমান্ত থেকে শাহিন আহমদ নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম শাহিন আহমদ (২৫)। তিনি স্থানীয় কেউটি হাওর গ্রামের আব্দুল লতিফের ছেলে।
ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাসিয়ারা তাকে গুলি করে হত্যা করেছে।
শুক্রবার রাতে শাহিন আহমদ তার বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন শাহিন আহমদের গুলিবিদ্ধ মরদেহ বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী সোনারখেওড় গ্রামের কৃষি জমিতে পড়ে থাকতে দেখে তার পরিবারকে খবর দেন। পরে নিহতের বড় ভাই জসিম উদ্দিন ঘটনাটি পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ বিকেলে ঘটনাস্থলে গিয়ে শাহিন আহমদের মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, মাঝে-মধ্যে শাহিন আহমদ অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখানে খাসিয়াপুঞ্জিতে শ্রমিকের কাজ করতেন। তাদের ধারণা, শুক্রবার রাতে কোনো এক সময় শাহিন আহমদ ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে বিএসএফ অথবা অস্ত্রধারী খাসিয়ারা গুলি করতে পারে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মরদেহের পিঠে গুলির চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
প্রতিনিধি/এলএ