জেলা প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৬, ০৭:০০ পিএম
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, যতদিন দেওবন্দি, কওমি ও আলিয়া ঐক্যবদ্ধ না হবে- ততদিন কোনো সরকার কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করবে না। মুহাম্মদ (সা.)-কে যারা শেষ নবী মানে- আসুন, তাদের কাছে দাওয়াত দেই। আমরা সবাই ঐক্যবদ্ধ হলে সরকার যেকোনো দাবি মানতে বাধ্য হবে। শুধু নিজে নিজে চেষ্টা করলে হবে না। আমরা এক জায়গায় সবাই এক হব- কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। রাসুলের শান-মান আমাদের রক্ষা করতে হবে- এ জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
ফেনী শহরের ঐতিহাসিক মিজান ময়দানে শনিবার (১০ অক্টোবর) বিকেলে হেফাজতে ইসলামের আয়োজনে ‘শানে রেসালত’ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, শুধু হুজুরদের কাছে খতমে নবুয়তের দাওয়াত পৌঁছালে হবে না- সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে। এখতেলাফ সব যুগেই ছিল, এখতেলাফ নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। এতে আমাদের শক্তি বৃদ্ধি পাবে। তাহলে আমাদের দাবি আমরা পূরণ করতে পারব। আমরা জনসম্পৃক্ততা বাড়িয়ে মেসেজগুলো মানুষের কাছে পৌঁছাতে হবে। গরম বক্তৃতা করা যাবে ওয়াজের ময়দানে, এতে কাজ হবে না। জনকল্যাণমূলক কাজ করে সাধারণ মানুষের কাছে যেতে হবে।
হেফাজতে ইসলামের ফেনী জেলা সভাপতি মাওলানা আফজালুর রহমানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- ওলামা বাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল ইসলাম আদিব, হাটহাজারীর মাদ্রাসার মহাপরিচালক খলিল আহমদ কোরাইশী, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।
এছাড়া মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ, মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আহমদ আল কাসেমী, মুফতি হারুন ইজহার চৌধুরী, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মুফতি কেফায়েত উল্লাহ আজহারী প্রমুখ বয়ান করেন।
প্রতিনিধি/এলএ