Dhaka Mail Logo

সারাদেশ

ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে হামে আরও ১ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি

১০ অক্টোবর ২০২৬, ০৫:২০ পিএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যা সংকটে মেঝেতেই চিকিৎসা নিচ্ছে অনেক রোগী। দিনদিন হামের প্রকোপ বাড়ায় আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাসেবা দিতে হিমশিম চিকিৎসক-নার্সদের। শরীরে বিভিন্ন উপসর্গ নিয়ে প্রতিদিনই আশপাশের জেলা থেকে ভর্তি হচ্ছে রোগীরা। 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৪ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরছে ১২ জন, এই মুহূর্তে ভর্তি আছে ২৫ জন শিশু। 

এ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেসন ওয়ার্ডে হামের সংক্রমণ নিয়ে  মারা গেছে ৭৬ জন। চলতি বছরের ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত হামে চিকিৎসা নিয়েছে ৪ হাজার ৭৪৫ জন শিশু।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক ডা. মাহমুদুল হাসান বলেন, শিশুদের পেড্রিয়াটিক আইসিইউ সেবা চালু থাকলে হামে আক্রান্ত অনেক শিশুকে বাঁচানো যেত, সম্প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরিদর্শন করে পেট্রিয়াটি আইসিইউ  স্থাপনের বিষয়ে বিষয়ে পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিয়েছেন। 

সারাদেশের মতো ময়মনসিংহ বিভাগেও হামের টিকা দান শেষ হলেও এখনো থামছে না হামের সংক্রমণ। তাই টিকা থেকে কেউ বাদ পড়ছে কিনা তা নিয়মিত তদারকি করছে বলে জানায় স্বাস্থ্য বিভাগ। 

প্রতিনিধি/এলএ