জেলা প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পিএম
ফেনী সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করা নিয়ে বিএনপি নেতা কামাল উদ্দিনের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফেনী পৌর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক মো. মোকসেদকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। হামলায় কামাল উদ্দিনসহ তিনজন আহত হন।
শুক্রবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী বাজারে এ ঘটনা ঘটে।
আহত অন্য দুজন হলেন- কামালের সমর্থক দিদার ও রানা। তাদের ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুরে এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ফেনী সদর উপজেলা বিএনপির উদ্যোগে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থী বাছাইয়ের বিষয়ে একটি মতবিনিময় সভা হয়। ওই সভায় সদর উপজেলা বিএনপির সদস্য কামাল উদ্দিন নিজেকে পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেন। এর জেরে শুক্রবার রাতে বিরলী বাজারে তার ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, মো. জিসানের নেতৃত্বে ১২ থেকে ১৩টি মোটরসাইকেলে করে আসা একদল ব্যক্তি কামাল উদ্দিনের ওপর হামলা চালান। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার দুই সমর্থকও আহত হন। স্থানীয়রা এগিয়ে এলে জিসান পালিয়ে যান। তবে হামলায় জড়িত সন্দেহে তাঁতী দল নেতা মোকসেদকে আটক করা হয়।
ঘটনার প্রতিবাদে বিএনপির ক্ষুব্ধ নেতাকর্মীরা ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কে বিক্ষোভ মিছিল করেন এবং প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগের বিষয়ে পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু বলেন, এলাকায় কোথায় কী হয়েছে, তা তার জানা নেই। তবে বিগত দিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নেওয়া ব্যক্তিদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।
ফেনী সদর উপজেলা বিএনপির সদস্যসচিব আমান উদ্দিন কায়সার সাব্বির বলেন, অনাকাঙ্ক্ষিত কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, অপ্রীতিকর ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
এদিকে আহত কামাল উদ্দিনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
প্রতিনিধি/এলএ