Dhaka Mail Logo

সারাদেশ

আশুলিয়ায় তিনটি ঝুটের গুদাম ভয়াবহ আগুন

উপজেলা প্রতিনিধি

১০ অক্টোবর ২০২৬, ১২:১৪ এএম

ঢাকার সাভারের আশুলিয়ায় ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়েছে আশপাশের আরও দুটি ঝুটের গুদাম ও একটি বসতবাড়িতে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জামগড়া তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে জামগড়া এলাকার আলাউদ্দিন ও বাবুল মিয়ার মালিকানাধীন একটি ঝুটের গুদামে প্রথম আগুন দেখতে পান স্থানীয়রা। শুরুতে আগুনের মাত্রা কম থাকলেও অল্প সময়ের মধ্যে তা ভয়াবহ রূপ নেয়। আগুনের তীব্রতা বাড়তে থাকায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট আগুন নেভানো কাজে যোগ দেয়। 

জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মামুন হোসেন জানান, রাত ৯টা ৪০ মিনিটের দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তুলার গুদামে আগুন লাগার খবর পান তারা। 

তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই আগুন পাশের আরও দুটি ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। পরে আগুনের শিখা গুদামসংলগ্ন একটি বসতবাড়িতেও ছড়িয়ে পড়ে।

ধারণা করা হচ্ছে, গুদামগুলোতে বিপুল পরিমাণ কাটা কাপড়, ঝুট ও তুলাজাতীয় দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

প্রতিনিধি/এমএইচআর