Dhaka Mail Logo

সারাদেশ

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দলিল লেখকের ‘আত্মহত্যা’

জেলা প্রতিনিধি

০৯ অক্টোবর ২০২৬, ১০:১৪ পিএম

ভোলার লালমোহনে ভাড়া বাসা থেকে আব্দুল্লাহ আল মাহমুদ (৪৮) নামে এক দলিল লেখকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

স্বজনরা জানান, বৃহস্পতিবার রাত ২টা ১৩ মিনিটে নিজের ফেসবুক আইডিতে দুটি স্ট্যাটাস দেন মাহমুদ। এর একটিতে তিনি লেখেন, ‘আত্মমর্যাদায় আঘাত করলে- আমি নিঃশব্দে শেষ হয়ে যাব।’ অন্য পোস্টে নিজের অস্তিত্ব বিলীন না করার বিষয়ে সতর্কবার্তা দেন তিনি।

মাহমুদ চরফ্যাশন সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক এবং দলিল লেখক সমিতির সাবেক সভাপতি ছিলেন। 

তার বাবা জয়নাল আবেদীন অভিযোগ করেন, দ্বিতীয় স্ত্রী নাহিদা পারভীনের সঙ্গে পারিবারিক সম্পর্কের টানাপোড়েন ছিল এবং তাকে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হতো না। 

তবে এসব অভিযোগের বিষয়ে নাহিদা পারভীনের বক্তব্য পাওয়া যায়নি।

লালমোহন থানার ওসি মো. নজরুল ইসলাম মজুমদার জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

প্রতিনিধি/এলএ