Dhaka Mail Logo

সারাদেশ

নগরীর জলাবদ্ধতা নিরসনে সামষ্টিক সমাধান নিশ্চিত করা হবে: অর্থমন্ত্রী

জেলা প্রতিনিধি

০৯ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পিএম

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে সমন্বিত পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

শুক্রবার (৯অক্টোবর) বিকেলে টাইগারপাস এলকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) কার্যালয়ের সম্মেলন কক্ষে নগরীর জলাবদ্ধতা নিরসনে করণীয় নির্ধারণে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, চট্টগ্রামে যেসব খাল রয়েছে, তার দুই পাড়ে জলযান চলাচলের ব্যবস্থা, সাইকেল ট্র্যাক ও ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতের প্রকল্পগুলোতেও এসব বিষয় যুক্ত করা হবে।

তিনি বলেন, যেখানে সুযোগ রয়েছে, সেখানে গাছ লাগানোর উদ্যোগ নিতে হবে। সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে প্রকল্প বাস্তবায়ন করা হলে অর্থের অপচয় কমবে। পাশাপাশি নাগরিকদের স্বস্তি নিশ্চিত করতে এবং নান্দনিক পরিবেশ গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

নগরীর পরিবেশ ও সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, যেখানে সুযোগ রয়েছে, সেখানে গাছ লাগাতে হবে। বৃক্ষরোপণ নগরীর সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বায়ুদূষণ কমাতে সহায়ক হবে। জলাবদ্ধতা নিরসন, সবুজায়ন, হাঁটার পথ ও সাইকেল ট্র্যাক, সবকিছুকে সমন্বিতভাবে বিবেচনায় নিয়ে চট্টগ্রামকে আরও বাসযোগ্য নগরীতে পরিণত করার উদ্যোগ নিতে হবে।

মন্ত্রী আরও বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), পানি উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম ওয়াসা, বন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নিয়মিত সমন্বয় ও পর্যালোচনার মাধ্যমে কাজ করতে হবে। এ লক্ষ্যে প্রতি মাসে কাজের অগ্রগতি পর্যালোচনা করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। নিয়মিত সমন্বয় নিশ্চিত করা গেলে প্রকল্প বাস্তবায়নে অর্থের অপচয় কমবে, কাজের গতি বাড়বে এবং নগরবাসীর দৈনন্দিন দুর্ভোগ কমিয়ে আনা সম্ভব হবে।

সভায় চট্টগ্রামে লজিস্টিক সেন্টার স্থাপন ও ফ্রি জোন গড়ে তোলার উদ্যোগের কথাও তুলে ধরেন মন্ত্রী।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন- চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন, সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন বিগ্রেডের বিগ্রেড কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল শামসুল আলম শামস, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক সেলিম মোহাম্মদ জানে আলম, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।

প্রতিনিধি/এলএ