উপজেলা প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পিএম
‘যাদের দায়িত্ব নেওয়ার সক্ষমতা রয়েছে এবং যারা ভবিষ্যতে আরও সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারবেন, তাদেরই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে’ বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শুক্রবার দুপুরে ঢাকার সাভারের আশুলিয়ার নয়ারহাট এলাকার ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)’-এ দেশের বৃহত্তম ‘টেক্সটাইল ফেস্ট বাংলাদেশ’-এর দ্বিতীয় দিনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, নিয়োগ প্রক্রিয়ায় পলিসিগত কিছু নীতি অনুসরণ করা হয়েছে। শুরু থেকেই এর মূল উদ্দেশ্য ছিল যোগ্য ও দক্ষ ব্যক্তিদের সুযোগ দেওয়া। সে অনুযায়ী প্রচলিত নিয়ম-কানুন অনুসরণ করে এবং পুলিশ ক্লিয়ারেন্স সম্পন্ন করেই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করা হয়েছে।
নিয়োগ প্রক্রিয়ায় কোনো ত্রুটি বা দুর্বলতা রয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, গণঅভ্যুত্থানের পর দেশের কিছু জায়গায় প্রশাসনিকভাবে কিছুটা দুর্বলতা বা ব্যাঘাত তৈরি হওয়া অস্বাভাবিক নয়। কোনো ভুলত্রুটি হয়ে থাকলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিজ দায়িত্বে তা চিহ্নিত করে সংশোধনের কাজ করছে। পুরো প্রক্রিয়া ইতিবাচক ও সঠিকভাবে সম্পন্ন হবে বলে সরকার আশাবাদী।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারের পরিকল্পনা সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার সামগ্রিক মান বাড়াতে বর্তমানে সব খাতকে একসঙ্গে নিয়ে কাজ করা হচ্ছে। অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষকদের অবস্থান ও সুযোগ-সুবিধা, মনিটরিং ব্যবস্থা, কারিকুলাম উন্নয়ন এবং প্রযুক্তির আধুনিকায়নের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন পরিকল্পনার মাধ্যমে পুরো ব্যবস্থাটি বাস্তবায়নের কাজ চলছে।
অনুষ্ঠানে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এবং নিটারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এলএ