Dhaka Mail Logo

সারাদেশ

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

জেলা প্রতিনিধি

০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন বিভাগ। বিদেশ যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছালেও শেষ পর্যন্ত নির্ধারিত ফ্লাইটে যাত্রা করতে পারেননি তিনি। পরে বিমানবন্দর থেকে ফিরে যেতে হয় তাকে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। বিমানবন্দরে কর্মরত একাধিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাহদী হাসানের বিদেশ ভ্রমণের বিষয়ে আপত্তি রয়েছে। এ কারণে তাকে বিদেশ যেতে দেওয়া হয়নি এবং ইমিগ্রেশন থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়।

মাহদী হাসানও বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে রাত ৯টা ৩৫ মিনিটে তার জ্যামাইকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ের আগে বিমানবন্দরে পৌঁছে যাত্রার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গেলেও তাকে বিদেশ যেতে দেওয়া হয়নি।
মাহদীর দাবি, তার বিরুদ্ধে থাকা সব মামলায় তিনি জামিনে রয়েছেন। এরপরও তাকে বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়া হয়নি।

তিনি আরও জানান, দেশের বাইরে যেতে হলে আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। পরে কোনো উপায় না পেয়ে তিনি বিমানবন্দর এলাকা থেকে ফিরে যান।

তবে কী কারণে তার বিদেশযাত্রায় আপত্তি রয়েছে কিংবা কোন কর্তৃপক্ষের নির্দেশে তাকে আটকে দেওয়া হয়েছে—এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

প্রতিনিধি/এজে