জেলা প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ এএম
রাজবাড়ীতে নিখোঁজের চার দিন পর ফুয়াদ চৌধুরী রোহান (২১) নামে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার দাদশী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের একটি বাগানের পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে, সোমবার (৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন রোহান। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
নিহত ফুয়াদ চৌধুরী রোহান রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি সদর উপজেলার দাদশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. রোকনউদ্দিন চৌধুরীর নাতি এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের মামাতো ভাই।
রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে একটি বাগানের পাশের ডোবা থেকে রোহানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারে অভিযানে মাঠে নেমেছে পুলিশ।
প্রতিনিধি/ এজে