Dhaka Mail Logo

সারাদেশ

সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ

জেলা প্রতিনিধি

০৯ অক্টোবর ২০২৬, ০২:০২ এএম

কক্সবাজারের সেন্টমার্টিনসংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমায় অভিযান চালিয়ে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ৪২ কোটি টাকা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৬টার দিকে সেন্টমার্টিনসংলগ্ন বাংলাদেশের সমুদ্রসীমার অভ্যন্তরে এ অভিযান চালানো হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা মিয়ানমারের সমুদ্রসীমার দিকে পালিয়ে যায়।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনের একটি আভিযানিক দল বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমা এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক পাচারকারীরা তিনটি বস্তা সমুদ্রে ফেলে মিয়ানমারের সমুদ্রসীমার দিকে পালিয়ে যায়। পরে কোস্ট গার্ড সদস্যরা পানিতে ভাসমান বস্তাগুলো উদ্ধার করে তল্লাশি চালান। বস্তাগুলোর ভেতর থেকে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন পাওয়া যায়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সেন্টমার্টিন দ্বীপের সার্বিক নিরাপত্তা, মাদক ও মানব পাচারসহ চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জব্দ করা মাদকের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/এআর