Dhaka Mail Logo

সারাদেশ

জরাজীর্ণ সেতু থেকে পড়ে রাঙামাটিতে স্কুলছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি

০৯ অক্টোবর ২০২৬, ০১:২৯ এএম

রাঙামাটির লংগদু উপজেলায় জরাজীর্ণ ও রেলিংবিহীন একটি সেতু থেকে পানিতে পড়ে মো. রাফি (৬) নামের প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার করল্যাছড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে করল্যাছড়ি বাজারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে সেতুটি পার হওয়ার সময় পানিতে পড়ে যায় রাফি। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রাফি করল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। সে করল্যাছড়ি আদর্শ গ্রামের দিনমজুর নাছির উদ্দিনের একমাত্র ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, সেতুটির দুই পাশের রেলিং দীর্ঘদিন ধরে নেই। ফলে ঝুঁকি নিয়েই শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের সেতুটি পার হতে হয়। বৃহস্পতিবার স্কুল ছুটির পর বাড়ি ফেরার সময় রাফি সেতু থেকে নিচের পানিতে পড়ে যায়।

স্থানীয় বাসিন্দা মো. আল-আমিন বলেন, স্কুল শেষে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় লোকজন বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করে রাফিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেতুটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ হয়ে আছে। সেতুর বিভিন্ন অংশ ভেঙে গেছে এবং দুই পাশে রেলিং নেই। বিকল্প পথ না থাকায় ঝুঁকি নিয়েই প্রতিদিন শিক্ষার্থীসহ শত শত মানুষ সেতুটি ব্যবহার করেন। দ্রুত সেতুটি মেরামতের দাবি জানিয়েছেন তারা।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া বলেন, করল্যাছড়ি সেতু থেকে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এআর