জেলা প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২৬, ১২:৪২ এএম
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ঘোল, মাঠা, ঘি ও দই উৎপাদন এবং নকল ও লেবেলবিহীন শিশু খাদ্য বিক্রির অভিযোগে ছয়টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান চালায়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার সলপ ও উল্লাপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলামের নেতৃত্বে সলপের বিভিন্ন ঘোল-মাঠার কারখানায় অভিযান চালানো হয়।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে লেবেলবিহীন ঘোল, মাঠা, ঘি ও দই উৎপাদন এবং লেবেলবিহীন রাসায়নিক ব্যবহারের অনিয়ম পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সলপ ঘোল অ্যান্ড সাদেক খান দই ঘরের মালিক আব্দুল মালেক খানকে ৫০ হাজার, সলপ দই ঘরের মালিক আব্দুল খালেক খানকে ৫০ হাজার এবং সলপ মাঠা ঘোল দই ঘরের মালিক আব্দুর রাজ্জাককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া নিরাপদ খাদ্য আইনে সলপ কাশেম ঘোল মাঠা দই অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে সলপের চারটি প্রতিষ্ঠানে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা মিল্ক অ্যানালাইজারের মাধ্যমে দুধের বিশুদ্ধতা ও মান পরীক্ষা করেন। পরীক্ষায় দুধে নির্ধারিত মাত্রার চেয়ে কম ফ্যাট পাওয়া যায়।
অন্যদিকে, উল্লাপাড়া বাজারে শিশু খাদ্যের দোকানে অভিযান পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ। নকল ও লেবেলবিহীন শিশু খাদ্য বিক্রির দায়ে মেসার্স শফিকুল স্টোরের মালিক শফিকুল ইসলামকে ১০ হাজার এবং মেসার্স শরিফ স্টোরের মালিক শরিফুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় বাজারে গ্যাস সিলিন্ডারের মূল্য ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়। অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও উল্লাপাড়া মডেল থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
প্রতিনিধি/এআর