Dhaka Mail Logo

সারাদেশ

সিরাজগঞ্জে মাদক মামলায় ৫ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি

০৮ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পিএম

সিরাজগঞ্জের চৌহালী ও সলঙ্গা থানায় পৃথক তিনটি মাদক মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ এর আদালতের বিচারক লায়লা শারমিন এই কারাদণ্ড দেওয়া হয়।

এ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাসচুজ্জোহা শাহানশাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চর ছলিমাবাদ সরকারপাড়া গ্রামের তোফাজ্জল হোসেন সরকার, রাজশাহী জেলার গোদাগাড়ি থানার গঞ্জেশীবপুর গ্রামের আব্দুল নয়ন ও ফরিদপুর গ্রামের মামুনুর রশিদ, কুষ্টিয়া জেলার মিরপুর থানার পুরাতন আজমপুর গ্রামের মানিকুর রহমান মানিক ও একই গ্রামের মো. আশিক।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ৬ আগস্ট সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর সদস্যরা হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের রামারচর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যারবাহনে তল্লাশি চালায়। রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী আমবোঝাই একটি ট্রাকে তল্লাশী চালিয়ে ৫৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আব্দুল নয়ন ও মামুনুর রশিদকে আটক করেন র‌্যাব সদস্যরা।

অপরদিকে, ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর সলঙ্গা থানার হাটিকুমরুল মহাসড়কে চেক পোস্ট বসিয়ে মাদকবিরোধী অভিযান চালায় র‌্যাব সদস্যরা। রাত ১টায় মেহেরপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি তল্লাশি চালিয়ে ৪৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মানিকুর রহমান মানিক ও মো. আশিক নামে দুই যুবককে আটক করা হয়।

এদিকে ২০১১ সালের ২৭ নভেম্বর সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চর ছলিমাবাদ সরকারপাড়া গ্রামের তোফাজ্জল হোসেন সরকারের বাড়িতে অভিযান চালিয়ে ২৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তাকে আটক করে পুলিশ।

এই তিনটি মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে আজ (বৃহস্পতিবার) ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।

প্রতিনিধি/এলএ