জেলা প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পিএম
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলের দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের বড়দহ ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়- উপজেলার বড়দহ সেতু সংলগ্ন বাঙালি নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়। অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/ এজে