Dhaka Mail Logo

সারাদেশ

অন্যের নারিকেল-সুপারি পাড়ত কিশোর মাহিন, গাছ থেকে পড়ে মৃত্যু

জেলা প্রতিনিধি

০৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পিএম

বাগেরহাটের শরণখোলায় নারিকেল গাছ থেকে পড়ে মাহিন হাওলাদার (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে অন্যের নারিকেল-সুপারি পেড়ে দিত।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের গোলবোনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাহিন মোরেলগঞ্জ উপজেলার ইসমাইল হাওলাদারের ছেলে। তার বিষয়টি নিশ্চিত করেছেন শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত কমিউনিটি মেডিকেল অফিসার বিশ্বজিৎ মজুমদার।

নিহত মাহিনের বড় ভাই রাজু হাওলাদার জানান, তাদের বাবা তাদেরকে ফেলে রেখে খুলনায় থাকেন। ফলে তারা শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের গোলবোনিয়া আবাসন পল্লীতে এসে বসবাস শুরু করেন। মাহিন একসময় পড়াশোনা করলেও পরবর্তী সময়ে অন্যের সুপারি ও নারিকেল পেড়ে দেওয়ার কাজ করত। 

তিনি আরও জানান, ঘটনার দিন সকালে পার্শ্ববর্তী রহমান তালুকদার তাকে নারিকেল পাড়ার জন্য গাছে ওঠান। গাছ থেকে পড়ে মাহিন গুরুতর আহত হলে তাকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। হাসপাতালের চিকিৎসকেরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার) করলে পথেই তার মৃত্যু হয়।

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত কমিউনিটি মেডিকেল অফিসার বিশ্বজিৎ মজুমদার জানান, নারিকেল গাছ থেকে পড়ে আহত মাহিন নামের ওই কিশোরকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে সেখানে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

শরণখোলা থানায় ওসি রোকেয়া খানম বলেন, গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যুর ঘটনা শুনে হাসপাতালে গিয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।