জেলা প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পিএম
বরিশাল সদর উপজেলায় একটি টিনশেড বাসায় মাদকের আসরে অভিযান চালিয়ে এক পুলিশ সদস্যসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বৃহস্পতিবার ভোরে উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের পাঁচগাঁও গ্রামে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—পাঁচগাঁও গ্রামের মিরাজুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার এএসআই দেলোয়ার হোসেন, নাহিদ হাসান ও ফাতেমা আক্তার নুরতাজ। অভিযানে তাদের কাছ থেকে মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএনসি।
ডিএনসি সূত্র জানায়, পরিদর্শক জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল ভোরে মিরাজুল ইসলামের বাসাটি ঘিরে ফেলে। এ সময় ভেতরে থাকা ব্যক্তিদের স্বেচ্ছায় আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। তবে তারা সাড়া না দিয়ে পালানোর চেষ্টা করেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, একপর্যায়ে এএসআই দেলোয়ার হোসেন বাসার টিন ভেঙে বাইরে লাফিয়ে পড়েন। নিচে কাদামাটিতে পড়ে গেলে ডিএনসির সদস্যরা তাকে আটক করতে গেলে ধস্তাধস্তি হয়। পরে ওই পুলিশ সদস্যসহ চারজনকে আটক করা হয়।
ডিএনসি সূত্র আরও জানায়, অভিযানে মাদকের বড় কোনো চালান পাওয়া যায়নি। তবে ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, মিরাজুল ইসলামের কোনো দলীয় পদ-পদবি না থাকলেও তিনি স্বেচ্ছাসেবক দলের নাম ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার এবং বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মাদক সরবরাহেরও অভিযোগ রয়েছে। এ ছাড়া এএসআই দেলোয়ার হোসেনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে স্থানীয়দের দাবি। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ডিএনসি সূত্র জানায়, আটক এএসআই দেলোয়ার হোসেনকে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য তিনজনের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ বিষয়ে ডিএনসির উপ-পরিচালক খোরশেদ আলম বলেন, বিমানবন্দর থানার পরিদর্শক নিজে এসেছিলেন। তিনি পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আটক এএসআইকে জিম্মায় নিয়ে গেছেন।
প্রতিনিধি/এলএ