Dhaka Mail Logo

সারাদেশ

রাজাপুরে বাসচাপায় পথচারী নিহত

জেলা প্রতিনিধি

০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পিএম

ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার(৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের মোল্লার হাট এলাকায় বরিশাল পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. মতিউর রহমান। বয়স আনুমানিক ৬৫ বছর। মতিউর রহমান উপজেলার শুক্তাগড় ইউনিয়নের মোল্লার মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী মো. কাজল মোল্লা জানান, পথ পারাপারের সময় ইমাদ পরিবহনের ভান্ডারিয়া একটি বাস পথচারী মতিউর রহমানকে চাপা দেয়। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘাতক বাসটি উপজেলা সদরের বাইপাস এলাকা থেকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেন। চালকের নাম মোঃ শামসুল হক। সে ঢাকা কেরানীগঞ্জের দক্ষিণ ধর্মশুর মুগার চর এলাকার সালাম শেখের ছেলে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুজন বিশ্বাস বলেন, বাস ও বাসের চালককে আটক করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রতিনিধি/ এজে