জেলা প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২৬, ০৫:১২ পিএম
নড়াইল সদর শহর থেকে জেলা যুবলীগের সভাপতি ও সাবেক ভিপি অ্যাডভোকেট গাউসুল আজম মাসুমকে গ্রেফতার করেছে নড়াইল জেলা পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে আদালতের সামনে থেকে নাশকতার পৃথক দুই মামলায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত গাউসুল আজম মাসুমের দীর্ঘ রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড রয়েছে। ছাত্রজীবন থেকেই তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। তিনি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদের ভিপি (সহ-সভাপতি) হিসেবে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। এর আগে তিনি জেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন। সর্বশেষ তিনি জেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশাগত দায়িত্ব পালনকালে অ্যাডভোকেট গাউসুল আজম মাসুম প্রতিদিনের মতো বৃহস্পতিবারও আদালতে কাজ করছিলেন। দুপুরের দিকে তিনি আদালত সড়কের নিজস্ব চেম্বার থেকে বের হয়ে রাস্তায় আসামাত্রই সাদা পোশাকধারী পুলিশ তাকে গ্রেফতার করে। পরবর্তীতে তাকে হ্যান্ডকাফ পরিয়ে মোটরসাইকেলে করে সরাসরি সদর থানায় নিয়ে যাওয়া হয়।
নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু জানান, যুবলীগ নেতা মাসুমের বিরুদ্ধে নাশকতার দুটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এসব মামলায় পলাতক ছিলেন। থানায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর দ্রুততম সময়ের মধ্যে তাকে আদালতে সোপর্দ করা হবে।
প্রতিনিধি/ এজে