জেলা প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২৬, ০৩:২১ পিএম
আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেছেন মন্তব্য করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ‘কোনো ডিসেম্বরেই সে (শেখ হাসিনা) আর দেশে ফিরবে না।
একই সঙ্গে আওয়ামী লীগকে ক্ষমা করার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের উজির আলী স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ খাঁন।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তার টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান ঘটে। তখন থেকেই ভারতে অবস্থান করছেন তিনি।
পরে ছাত্র-জনতার অভ্যুত্থান দমনের চেষ্টার সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হন ৭৯ বছর বয়সী হাসিনা। তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত পলাতক আসামি। দেশে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়।
হাসিনার দেশ ছাড়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা, তার সরকারের সাবেক মন্ত্রী, দলীয় সংসদ সদস্য এবং তৃণমূলের অনেক নেতা-কর্মী আত্মগোপনে চলে যান। পরে তাদের অনেকের ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, সংযুক্ত আরব আমিরাত ও ইউরোপের বিভিন্ন দেশে অবস্থানের ছবি ও ভিডিও প্রকাশ পায়। দেশে থাকা অনেক নেতাকর্মী গ্রেফতার হন।
গত বছরের মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এখন দলটির রাজনৈতিক তৎপরতা মূলত অনলাইনে সীমিত। এর বাইরে বিচ্ছিন্নভাবে কিছু ঝটিকা মিছিল করে দলটির নেতাকর্মীরা।
ভারতে অবস্থান করা শেখ হাসিনা মাঝেমধ্যে বিবৃতি দেন ও সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেন। গত জুলাইয়ে যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণা দেন তিনি। নির্বাসনে থাকা দলের নেতাদেরও তার সঙ্গে দেশে ফেরার আহ্বান জানান ক্ষমতাচ্যুত হওয়া সাবেক এই প্রধানমন্ত্রী।
আজ দুপুরে ঝিনাইদহের উজির আলী স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে গেছে। কোনো ডিসেম্বরেই সে আর ফিরবে না।’
এ সময় আওয়ামী লীগকে ক্ষমা করার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী।
এক প্রশ্নের জবাবে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিপক্ষের আইনজীবী শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কারের দাবি জানান রাশেদ খাঁন।
তিনি বলেন, জামায়াত-শিবির একদিকে আবরার ফাহাদের হত্যার প্রতিবাদ করবে, আবার শিশির মনিরকে আসামিপক্ষের আইনজীবী হিসেবে কাজ করতে দেবে, এটা দ্বিচারিতা। জামায়াতের এই দ্বিচারিতা জনগণ জানে।
প্রতিনিধি/এমআর