জ্যেষ্ঠ প্রতিবেদক
০৮ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পিএম
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের দুই প্রবাসীর মরদেহ ওসমানী বিমানবন্দরে পৌঁছেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি-২০৬) সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে।
পরে বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করেন। পরে অ্যাম্বুলেন্সে করে মরদেহ দুটি নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. তাজউদ্দিন।
তাজউদ্দিন জানান, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে প্রাথমিকভাবে নিহতদের পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। এ ছাড়াও পরবর্তীতে নিহতদের পরিবার আরও ৩ লাখ টাকা করে অনুদান পাবেন।
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর দেশে ফেরার উদ্দেশ্যে সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে ‘আল-খুরমা’ এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ চার বাংলাদেশি নিহত হন।
নিহতদের মধ্যে দুজন হলেন— সিলেটের কানাইঘাট উপজেলার ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ী এলাকার লামার তালুক গ্রামের বাসিন্দা আব্দুল করিম ও খালিদ আহমদ।
প্রতিনিধি/এফএ