জেলা প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পিএম
বরগুনায় প্রাইভেটকার ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত অটোরিকশাচালক বাবলু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (৭ অক্টোবর) দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৮ অক্টোবর) তার মৃত্যু হয়।
এর আগে বুধবার বিকেলে বরগুনা-বেতাগী সড়কের সোনারবাংলা এলাকায় জিটিভির লোগো সংবলিত একটি প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী তাওহিদুল ইসলাম (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় বাবলুসহ আরও দুজন আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-গ-৪৭-৬৮৮৫ নম্বরের প্রাইভেটকারটি গৌরীচন্না থেকে বরগুনা শহরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে বাবলুর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৮ অক্টোবর) তার মৃত্যু হয়।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহদাত হাসনাইন পারভেজ জানান, আহত রিকশাচালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিনিধি/টিবি