Dhaka Mail Logo

সারাদেশ

বীরগঞ্জে ধানখেত থেকে কিশোরের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি

০৭ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পিএম

দিনাজপুরের বীরগঞ্জে এক সপ্তাহ পূর্বে নিখোঁজ কিশোর প্রশান্ত রায়ের(১৭) অর্ধগলিত মরদেহ ধানখেত থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৭ অক্টোবর) দুপুর আড়াইটায় উপজেলার মোহাম্মদপুর সেনপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত প্রশান্ত রায় ওই ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের রমেশ চন্দ্র রায়ের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে ধানখেতে গবাদি পশুর জন্য ঘাস কাটতে আসা একই এলাকার সাবিত্রী নামে এক নারী মরদেহ দেখতে পেয়ে এলাকার লোকজনকে খবর দেন। পরে স্থানীয় ইউপি সদস্য যতীন্দ্রনাথ বীরগঞ্জ থানা পুলিশকে অবগত করেন। সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।

প্রশান্তের বাবা রমেশ চন্দ্র রায় জানান, তার ছেলে গত এক সপ্তাহ পূর্বে বাড়ি থেকে নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর থেকে অনেক খোঁজাখুঁজি করছেন তারা। বুধবার দুপুরে পার্শ্ববর্তী একটি ধানক্ষেতে অর্ধগলিত অবস্থায় ছেলের লাশ দেখতে পান। ছেলেকে হত্যার পর ধানখেতে ফেলে গেছে রাখার ধারণা করেছেন তিনি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

বীরগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর বিষয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

প্রতিনিধি/ এজে