Dhaka Mail Logo

সারাদেশ

মুক্তাগাছায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি

০৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পিএম

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় বজ্রপাতে মজিবর রহমান (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় তাঁর মা মরিয়ম বেগম আহত হয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার দুল্লা ইউনিয়নের কামারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

স্থানীয়রা জানান, দুপুরে মজিবর রহমান মাঠ থেকে মুখী কচু তুলে বাড়িতে ফিরছিলেন। এ সময় বৃষ্টি শুরু হওয়ার আশঙ্কায় তিনি দ্রুত বাড়িতে চলে আসেন। পরে ঘরের বারান্দায় বসে বাজারে বিক্রির জন্য তুলে আনা কচু পরিষ্কার করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বজ্রপাতে আহত মজিবর রহমানের মা মরিয়ম বেগমকে স্থানীয় চেচুয়া বাজারের ব্র্যাক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রতিনিধি/এজে