উপজেলা প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পিএম
মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। পুলিশের ধাওয়া খেয়ে গাড়ি ও গাঁজা ফেলে পালিয়ে যান মাদক কারবারিরা। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে বারইয়ারহাট পৌরসভার রূপনগর পেট্রোল পাম্পের সামনে থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।
পুলিশ জানায়, ঢাকা মেট্রো-খ-১২-৫৫০১ নম্বরের একটি প্রাইভেটকার ফেনী থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গাড়িটি থামানোর চেষ্টা করলে চালক দ্রুতগতিতে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশ গাড়িটির পিছু নিলে মাদক কারবারিরা রূপনগর পেট্রোল পাম্পের সামনে গাড়িটি রেখে পালিয়ে যান।
পরে প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, মাদকের বিরুদ্ধে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার রাতে ৪০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যান। পলাতক ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/এসএস