জেলা প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পিএম
মাদারীপুরে চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খাঁ নদের ওপর সেতু নির্মাণ করা হচ্ছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে চীনা প্রকৌশলীদের সঙ্গে নিয়ে প্রকল্প এলাকা পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।
এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের গ্রামীণ সেতু সহায়তা কর্মসূচির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এবাদাত আলী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আলী হায়দার খানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জানা যায়, সদর উপজেলার মহিষেরচর এলাকায় আড়িয়াল খাঁ নদের ওপর সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। সেতু না থাকায় কয়েকটি গ্রামের হাজারো মানুষকে শহরে আসতে ভোগান্তি পোহাতে হয়। রোদ-বৃষ্টি ও ঝড়ের মধ্যে এলাকাবাসীর একমাত্র ভরসা ট্রলার। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সেতু নির্মাণের জন্য ইতিমধ্যে সমীক্ষা শেষ করেছে এলজিইডি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের গ্রামীণ সেতু সহায়তা কর্মসূচির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এবাদাত আলী বলেন, এখন তেমন কোনো জটিলতা নেই। চীন সরকারের সঙ্গে সেতু নির্মাণের চুক্তি সম্পন্ন হয়েছে। চীনা প্রকৌশলীরাও প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। খুব শিগগির পরবর্তী কার্যক্রম শুরু হবে।
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, দ্রুত সেতু নির্মাণকাজের উদ্বোধনের জন্য সব ধরনের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। শিগগিরই জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হবে। এরপর ধাপে ধাপে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এআর