জেলা প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পিএম
জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে ‘শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত’ করায় স্বীকৃতি ও পুরস্কার পেয়েছে সিরাজগঞ্জ পৌরসভা।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক শাহাদাত হুসেইনের হাতে ক্রেস্ট ও বিশেষ সম্মাননা সনদ তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান। সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশিদ ভূঁঞা, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মিজ ফারাহ শাম্মী, ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন, ঢাকার হেড অব ডেভেলপমেন্ট কোঅপারেশন ড. মিখাল ক্রেজা এবং ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি মিজ জিলিয়ান মেলসপ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেল ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ।
এদিকে জন্ম ও মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে সময়ানুবর্তিতা, নির্ভুলতা ও সেবার মান নিশ্চিত করার মাধ্যমে এ স্বীকৃতি অর্জন করায় সিরাজগঞ্জ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রশাসক শাহাদাত হুসেইন। একই সঙ্গে এ কার্যক্রমে সহযোগিতা করার জন্য সিরাজগঞ্জ পৌরবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
বুধবার (৭ অক্টোবর) সকালে বিশেষ সম্মাননা পাওয়ার অনুভূতি প্রকাশ করে সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক শাহাদাত হুসেইন বলেন, ‘নাগরিকদের জন্ম ও মৃত্যু নিবন্ধন নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা একটি গুরুত্বপূর্ণ নাগরিক সেবা। আমি দায়িত্ব গ্রহণের পর থেকেই নাগরিক সেবা নিশ্চিত করতে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে নাগরিকদের সেবা দিয়ে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধনে এই স্বীকৃতি আমাদের আরও উৎসাহিত ও অনুপ্রাণিত করবে বলে মনে করেন শাহাদাত হুসেইন। তিনি বলেন, ভবিষ্যতেও নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।