জেলা প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২৬, ১২:১৪ পিএম
ঝিনাইদহে মোবাইল কিনে আর বাড়ি ফেরা হলো না রিওন হোসেনের (২২)। জেলার মহেশপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এই যুবক নিহত হন। এ ঘটনায় তার বন্ধু নাফিজ আহত হয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে উপজেলার কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
রিওন হোসেন মহেশপুর উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের রেজাউল ইসলাম মন্টুর ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল ফোন কেনার জন্য বন্ধু নাফিজকে নিয়ে মোটরসাইকেলে করে কালীগঞ্জে গিয়েছিলেন রিওন। কেনাকাটা শেষে রাতে বাড়ি ফেরার পথে কাটাখালী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিওনের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নাফিজকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
মহেশপুর থানার ওসি আজাদ রহমান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রতিনিধি/টিবি