জেলা প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ এএম
নড়াইলের লোহাগড়া উপজেলায় মো. পলাশ মোল্যা (৫০) নামে এক কৃষককে সাপে কামড়ালে তাকে প্রথমে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। পরে ওঝার ঝাড়ফুঁকে বিষ না নামলে নেওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসাধোন অবস্থায় মৃত্যু হয়েছে তার।
মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের পার আমডাঙ্গা বিলে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও স্বজন সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাড়ির পাশে বিলের মধ্যে পলাশ শেখ শুকনো পাটখড়ি আনতে যান। এ সময় পাটখড়ির ওপরে থাকা একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। সাপে কামড়ানোর পর লোকজনকে জানালে স্থানীয়রা পাশ্ববর্তী ভাটিয়াপাড়ার কৃষ্ণপুর এলাকায় এক ওঝার বাড়িতে নিয়ে যায়। ওঝা চিকিৎসা দেওয়ার পর শরীর থেকে বিষ নেমে গেছে মর্মে আশ্বস্ত করে তাকে বাড়িতে পাঠিয়ে দেন। বাড়িতে ফেরার পথে সঙ্গে থাকা স্বজনরা পলাশকে ভাটিয়াপাড়া বাজারের একটি দোকান থেকে গরম দুধ পান করান। তবে দুধ পান করানোর পরে তার অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানেও তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
নিহতের ভাগ্নে বাপ্পি শেখ জানান, হাসপাতাল থেকে মরদেহ লোহাগড়ার আমডাঙ্গা গ্রামে নিজ বাড়িতে নিয়ে আসা হয়। বাদ এশা মরহুমের জানাজার নামাজ স্থানীয় আমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থান দাফন করা হয়।
প্রতিনিধি/টিবি