জেলা প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২৬, ০৫:২০ এএম
রংপুরের পীরগাছায় নতুন সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে তীব্র তোলপাড় শুরু হয়েছে। দলীয় প্যাডে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও স্বজনপ্রীতি, দলীয়করণ এবং জাতীয় পার্টি ও জামায়াত নেতাকর্মীদের ডিলার হিসেবে সুপারিশ করার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গার বিরুদ্ধে।
জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা স্বাক্ষরিত ‘ডিলার নিয়োগ-২০২৬ এর তথ্য’ শীর্ষক একটি তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জমা দেওয়া হয়। পীরগাছা উপজেলার নয়টি ইউনিয়নের জন্য প্রস্তুতকৃত ১৯ জনের ওই তালিকায় বিএনপির শীর্ষ নেতাদের স্ত্রী, সন্তান, শ্বশুরসহ দলীয় পদধারী ব্যক্তি ও স্বজনদের নাম রাখা হয়েছে। একই সঙ্গে এতে রয়েছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াত নেতাকর্মীদের নাম।
অনুসন্ধানে দেখা যায়, তালিকার ১৯ জনের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্ত্রী, এক ইউনিয়ন বিএনপির সভাপতির অনার্স পড়ুয়া মেয়ে, এক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের শ্বশুর, সিনিয়র সহ-সভাপতির ছেলে এবং একজন সাধারণ সম্পাদকের ফুফাতো ভাইয়ের নাম রয়েছে। এ ছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের ৯ জন পদধারী নেতা এবং ৩ জন সমর্থক স্থান পেয়েছেন। অন্যদিকে বিরোধী শিবিরের মধ্যে রয়েছেন এক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির ছেলে, এক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, এক জামায়াত কর্মী এবং দুজন জাতীয় পার্টির নেতা।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা অভিযোগ অস্বীকার করে জানান, সার ডিলার নিয়োগের জন্য তিনি ইউএনও বা কৃষি কার্যালয়ে কোনো তালিকা দেননি।
পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জায়েদ ইমরুল মুজাক্কিন বলেন, ‘উপজেলা বিএনপির সভাপতির পক্ষ থেকে কোনো তালিকা দেওয়া হয়নি। এ ধরনের দলীয় তালিকা গ্রহণের সুযোগও নেই। স্বচ্ছতার ভিত্তিতে প্রতি ইউনিয়নে তিনজনের নিরপেক্ষ তালিকা তৈরি করে পাঠানো হয়েছে। অনিয়মের অভিযোগ উঠলে সংশ্লিষ্ট ব্যক্তিকেই তার জবাব দিতে হবে।’
উল্লেখ্য, এর আগে গত ২৭ সেপ্টেম্বর ‘পীরগাছায় নতুন সার ডিলার নিয়োগে কোটি টাকা লেনদেনের অভিযোগ’ শিরোনামে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও এসব অভিযোগের সত্যতা বিচারে প্রশাসন এখনো কোনো তদন্ত কমিটি গঠন বা দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করেনি।
প্রতিনিধি/এসটি