Dhaka Mail Logo

সারাদেশ

নেশার টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

জেলা প্রতিনিধি

০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৮ এএম

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় নেশার টাকার জন্য কথা-কাটাকাটির জেরে সাহাব উদ্দিন (৬০) নামের এক ব্যক্তিকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর মাদকাসক্ত ছেলে ইয়াফিনের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ইয়াফিনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার শিবপাশা ইউনিয়নের আন্দাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াফিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য তিনি প্রায়ই তাঁর বাবা সাহাব উদ্দিনের সঙ্গে ঝগড়াঝাঁটি ও কথা-কাটাকাটি করতেন। মঙ্গলবার দুপুরেও নেশার টাকা নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে ইয়াফিন উত্তেজিত হয়ে বটি দিয়ে বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই সাহাব উদ্দিনের মৃত্যু হয়।

খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইয়াফিনকে আটক করে থানায় নিয়ে যায়।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, 'প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নেশার টাকার জন্যই ছেলে তাঁর বাবাকে হত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।'

প্রতিনিধি/এসটি