জেলা প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পিএম
চট্টগ্রামের পতেঙ্গা থেকে নৌকা ভর্তি করে ৪০ হাজার কেজি সিমেন্ট মিয়ানমারে পাচারের সময় অভিযান চালিয়ে জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় চোরাকারবারীরা পালিয়ে গেলেও জব্দ করা হয় নৌকাসহ ৮০০ বস্তা সিমেন্ট।
মঙ্গলবার (৬ অক্টোবর) কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে পতেঙ্গা থানার কর্ণফুলি চ্যানেলের ১২ নম্বর ঘাটের একটি নৌকা থেকে সিমেন্টগুলো জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১২নম্বর ঘাটে অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় চার লাখ টাকা সমমূল্যের ৮০০ বস্তায় ৪০ হাজার কেজি সিমেন্ট ও পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করা হয়েছে। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, জব্দকৃত সিমেন্ট ও পাচারকাজে ব্যবহৃত নৌকার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/এফএ