Dhaka Mail Logo

সারাদেশ

রামেবির ভিসিকে জোরপূর্বক পদত্যাগ করানোর অভিযোগ

জেলা প্রতিনিধি

০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পিএম

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য (ভিসি) প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক এবং তার ব্যক্তিগত সহকারী ও সেকশন অফিসার নাজমুল হোসাইনকে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (৫ অক্টোবর) সাংবাদিকদের কাছে এমনটাই জানিয়েছেন তারা। 

রামেবির কর্মকর্তারা জানান, বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘আপামর ছাত্র-জনতা’ পরিচয়ে একদল ব্যক্তি প্রবেশ করে। মিছিল নিয়ে জোরপূর্বক তারা ভিসির কার্যালয়েও যায়। আওয়ামী লীগের ‘দোসর’ অ্যাখ্যা দিয়ে এবং বিশ্ববিদ্যালয়ের কাজ ঢাকার ঠিকাদারদের দেওয়ার অভিযোগ তুলে উপাচার্য ও সেকশন অফিসারকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।  

এরপর আগে থেকে লিখে আনা পদত্যাগপত্রে তাদের কাছ থেকে জোর করে স্বাক্ষর নেওয়া হয়। স্বাক্ষর নেওয়ার পর তাদের কক্ষ থেকে বের করে দিয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ঘটনার সময় উপাচার্যের কক্ষ থেকে কম্পিউটারের সিপিইউ এবং সিসিটিভি ফুটেজের যন্ত্রপাতি খুলে নিয়ে যায় ওই ব্যক্তিরা। একইসঙ্গে পুরো ক্যাম্পাসের বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। 

R

ঘটনার বর্ণনা দিয়ে রামেবি উপাচার্যের ব্যক্তিগত সহকারী ও সেকশন অফিসার নাজমুল হোসাইন বলেন, ‘সকাল ১০টা থেকে উপাচার্য মহোদয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে মন্ত্রণালয়ের একটি অনলাইন বৈঠকে যুক্ত ছিলেন। বেলা ১১টার দিকে একদল লোক মিছিল নিয়ে জোর করে কক্ষে প্রবেশ করে উপাচার্যকে গালিগালাজ করতে থাকে এবং পূর্বপ্রস্তুতকৃত পদত্যাগপত্রে স্বাক্ষর নেয়। এরপর আমাকেও ইস্তফাপত্রে স্বাক্ষর করতে বাধ্য করা হয়। আমি এতে অস্বীকৃতি জানালে তারা আমাকে মারধর করে।’ 

এ বিষয়ে রামেবি উপাচার্য প্রফেসর ডা. জাওয়াদুল হক জানান, রাজনৈতিক ছত্রছায়ায় থাকা কিছু স্থানীয় ঠিকাদার ও বহিরাগতরা হঠাৎ জোর করে তার কার্যালয়ে প্রবেশ করেন। স্থানীয়দের কাজ না দিয়ে ঢাকার ঠিকাদারদের কাজ দেওয়া হয়েছে—এমন অভিযোগ তুলে তারা তাকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

একপর্যায়ে তারা জোরপূর্বক একটি পদত্যাগপত্রে তার স্বাক্ষর আদায় করেন বলে অভিযোগ করেন ভিসি। পরে তাকে কার্যালয় থেকে বের করে দিয়ে অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ঘটনার বিষয়ে তিনি ইতোমধ্যে স্থানীয় প্রশাসনকে অবহিত করেছেন বলে জানান ডা. জাওয়াদুল হক।

তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযুক্ত ঠিকাদার বা বহিরাগতদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এএইচ