Dhaka Mail Logo

সারাদেশ

দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক

জেলা প্রতিনিধি

০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পিএম

সাংবাদিকতায় যুক্ত হওয়ার কয়েক মাসের মধ্যেই জামালপুরের দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু। সক্রিয় রাজনীতিতে থাকা একজন নেতার সাংবাদিকতায় যুক্ত হওয়া এবং অল্প সময়ের মধ্যে প্রেসক্লাবের শীর্ষ পদে আসা নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে দেওয়ানগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে প্রেসক্লাবের সভা শেষে নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়। জ্যেষ্ঠ সাংবাদিক ও সাবেক সভাপতি খাদেমুল ইসলাম নতুন কমিটির নাম ঘোষণা করেন। এতে সভাপতি পদে আতিকুর রহমান সাজু এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক সমকালের সাংবাদিক আব্দুর রাজ্জাক মিকা নির্বাচিত হয়েছেন।

স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা যায়, আতিকুর রহমান সাজু দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বর্তমানে তিনি দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দলটির পৌর শাখার সদস্যসচিব ও আহ্বায়কের দায়িত্বেও ছিলেন। চলতি বছরের মে মাসে অনলাইন নিউজ পোর্টাল ‘সিএনএ টোয়েন্টিফোর নিউজ’-এর মাধ্যমে তিনি সাংবাদিকতায় যুক্ত হন।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহসভাপতি করা হয়েছে কালের কণ্ঠের তারেক মাহমুদকে। সহসভাপতি হয়েছেন নাগরিক টিভির খাদেমুল ইসলাম অলিদ, ভোরের কাগজের বিল্লাল হোসেন মণ্ডল, বাংলাবাজার পত্রিকার আশরাফ হোসেন রাজা, চ্যানেল এসের ফারুক মিয়া, দৈনিক আমার সময়ের দেলোয়ার হোসেন ও দৈনিক বাংলার নজরুল ইসলাম।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন জামালপুর নিউজ টোয়েন্টিফোর ডটকমের মহসিন রেজা রুমেল, সহসাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম পিকুল এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাইফুল ইসলাম ফুলু।

একজন সক্রিয় রাজনৈতিক নেতা কীভাবে প্রেসক্লাবের সভাপতি হলেন—এমন প্রশ্নে দেওয়ানগঞ্জের অধিকাংশ সাংবাদিক প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে কমিটির একজন সদস্য বলেন, উপজেলার বিভক্ত সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা এবং ভুয়া সাংবাদিক ও কার্ডধারী চাঁদাবাজদের দৌরাত্ম্য ঠেকাতেই আতিকুর রহমান সাজুকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

ওই সদস্য আরও বলেন, নতুন কমিটির কোনো নির্দিষ্ট মেয়াদ নেই। উদ্দেশ্য সফল হলে আতিকুর রহমান সাজু পদ ছেড়ে দেবেন বলে জানিয়েছেন।

বিষয়টি নিয়ে নতুন সভাপতি আতিকুর রহমান সাজুর প্রতিক্রিয়া জানতে মুঠোফোনে যোগাযোগ করা হয়। প্রথমে অভিনন্দনের জবাবে স্বাভাবিকভাবে কথা বললেও সাংবাদিকতায় তার যুক্ত হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি ব্যস্ততার কথা বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে অন্য একজন সাংবাদিক ফোন করলেও পরিচয় জানার পর তিনি একই আচরণ করেন।

এদিকে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জেলার সাংবাদিক নেতারা।

প্রেসক্লাব জামালপুরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘সাংবাদিকদের মূল কাজ সরকারের গঠনমূলক সমালোচনা করা এবং ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করা। কিন্তু সেই ক্ষমতার সঙ্গে যুক্ত নেতারাই যদি সাংবাদিকদের সংগঠন নিয়ন্ত্রণ করেন, তাহলে স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ হয়ে যায়। রাজনৈতিক দলের নেতারা সাধারণত বস্তুনিষ্ঠ সংবাদ মেনে নিতে পারেন না। তাই একজন সক্রিয় রাজনীতিক প্রেসক্লাবের দায়িত্বে থাকলে ওই এলাকায় সুস্থ ধারার সাংবাদিকতার পরিবেশ নিয়ে যথেষ্ট সন্দেহ থেকে যায়।’

জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ইউসুফ আলী বলেন, ‘এটি হওয়া উচিত নয়। এতে সাংবাদিকদের অধিকার রক্ষা করা কঠিন হয়ে যাবে।’

দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সদস্যদের নাম এখনো চূড়ান্ত হয়নি। পরবর্তীতে তাদের নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

প্রতিনিধি/এসএস