Dhaka Mail Logo

সারাদেশ

নওগাঁ-জয়পুরহাট সীমান্তে নারী-পুরুষসহ সাত জনকে পুশইনের চেষ্টা

জেলা প্রতিনিধি

০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পিএম

নওগাঁর সাপাহার উপজেলা ও জয়পুরহাট সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাত জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। তবে পুশইনের চেষ্টা ঠেকিয়ে দিয়েছে বিজিবি।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সাপাহার উপজেলার সোনাডাঙা এবং জয়পুরহাট সদর উপজেলার কড়িয়া সীমান্ত এলাকা দিয়ে এই পুশইনের চেষ্টা চালানো হয়।

এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব জানান, আজ সকালে বিএসএফ সদস্যরা সাপাহার উপজেলার সোনাডাঙা সীমান্ত দিয়ে চারজনকে পুশইনের চেষ্টা চালায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে ওই চারজনকে ভারতীয় শূন্যরেখার অভ্যন্তরে শনাক্ত করে। পুশইনের চেষ্টার শিকার চারজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে। এ ছাড়া জয়পুরহাট সদর উপজেলার কড়িয়া সীমান্ত এলাকায় তিনজনকে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। বর্তমানে ওই সাতজন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

তিনি বলেন, বর্তমানে ওই এলাকায় বিজিবির কড়া নজরদারি ও সতর্ক অবস্থান বজায় রয়েছে। তাদের পুশব্যাক করাতে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে। অবৈধভাবে কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না।

প্রতিনিধি/এআর