নিজস্ব প্রতিবেদক
০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পিএম
চাঁদপুরের মতলব উত্তর থানার সদ্য যোগদান করা অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়াকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আঁতাত না করা এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিন।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে মতলব উত্তর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
এমপি জালাল উদ্দিন বলেন, মাদকের সঙ্গে কোনো আপস নেই। আমার নির্বাচনী অঙ্গীকার ছিল মতলব থেকে মাদক নির্মূল করা। মাদক নির্মূলে পুলিশের ভূমিকা সবচেয়ে বেশি। আইনের পাশাপাশি মাদকের বিরুদ্ধে সবাইকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
নতুন ওসি মানস বড়ুয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, আওয়ামী লীগের ডেভিলদের সঙ্গে চা খাবেন এবং তাদের সঙ্গে আঁতাত করবেন, এমন হলে আপনি মতলবে এক ঘণ্টাও থাকতে পারবেন না।
এ সময় তিনি মতলব উত্তরকে মাদকমুক্ত করতে পুলিশকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
কৃষি নিয়ে ড. জালাল উদ্দিন বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। কৃষকদের কথা চিন্তা করে তারেক রহমানের উদ্যোগে ভর্তুকির মাধ্যমে কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। কৃষকদের কৃষি সমস্যা দূর করতে সারাদেশে খাল খননের কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে। মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের আওতাধীন কৃষিজমিতে কৃষকরা যাতে নির্বিঘ্নে চাষাবাদ করতে পারেন, সে লক্ষ্যেও কাজ করা হচ্ছে।
অনুষ্ঠানে চারটি প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে মোট ১৫৯টি আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান এবং উপজেলা বিএনপির সহসভাপতি এস এম জাহাঙ্গীর আলম বক্তব্য দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী। এছাড়া কৃষক প্রতিনিধি মনির হোসেন প্রধান, যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন ও বশির মোল্লা বক্তব্য দেন।