Dhaka Mail Logo

সারাদেশ

তেঁতুলিয়ায় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৪

জেলা প্রতিনিধি

০৬ অক্টোবর ২০২৬, ০২:০৬ পিএম

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। এ সময় আরও তিনজন পালিয়ে যায়। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর ৪টা ৫০ মিনিটের দিকে উপজেলার শারিয়ালজোত বিওপি ক্যাম্পের আওতাধীন সীমান্ত এলাকার ফরেস্টের ভেতর দিয়ে সীমান্ত পিলার ৪৪০/২৫/এস-এর কাছ দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন তারা। এসময় আটক হন তারা।

বিজিবি জানায়, ১৮ বিজিবির আওতাধীন তেঁতুলিয়া উপজেলা সদর ইউনিয়নের শারিয়ালজোত বিওপির টহলদল হাবিলদার মো.সেকেন্দার আলীর নেতৃত্বে টহল দেওয়ার সময় সাতজনকে সন্দেহজনকভাবে সীমান্তের দিকে যেতে দেখে তাদের আটক করার চেষ্টা করে। এ সময় চারজনকে আটক করতে সক্ষম হয় বিজিবি। তবে অপর তিনজন দৌড়ে পালিয়ে যায়। পরে তাদের খোঁজ করেও পাওয়া যায়নি।

আটক ব্যক্তিরা হলেন, কুমিল্লা জেলার নাসিরনগর থানার ব্যাংগোতা গ্রামের মো. জজ মিয়ার ছেলে মো. শিপন (১৯), একই জেলার বিসামবারপুর থানার আলীপুর গ্রামের আফসার উদ্দিনের ছেলে মো. হাফিজুল (২১), সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ থানার বনগাঁও জাহেল মিয়ার ছেলে মো. সাব্বির (১৫) এবং একই এলাকার জাহেল মিয়ার ছেলে মো. রাহান (১৩)।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে বিজিবি চারজনকে আটক করেছে। বিষয়টি বিজিবির পক্ষ থেকে থানায় মামাল দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, পালিয়ে যাওয়া তিনজনকে আটকের জন্য সীমান্ত এলাকায় খোঁজ ও নজরদারি অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

প্রতিনিধি/এআরএম