Dhaka Mail Logo

সারাদেশ

রামেবি ভিসির পদত্যাগ

জেলা প্রতিনিধি

০৬ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পিএম

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে রাষ্ট্রপতির কার্যালয়ের এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র দিয়েছেন তিনি।

পদত্যাগপত্রে প্রফেসর জাওয়াদুল হক লেখেন, ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর থেকে আমি রামেবির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছি। বর্তমানে পারিবারিক ও ব্যক্তিগত কারণে আমার পক্ষে উপাচার্যের দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। বিধায় ৬ অক্টোবর থেকে আমি পদত্যাগ করলাম।

এদিকে, রামেবির সেকশন অফিসার ও উপাচার্যের ব্যক্তিগত সহকারী নাজমুল হোসাইনও চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন। মঙ্গলবার দুপুরে রামেবি রেজিস্ট্রার বরাবর আবেদনে তিনিও পারিবারিক ও ব্যক্তিগত কারণ দেখিয়েছেন।

সূত্র জানিয়েছে, এর আগে হাসিনার সরকারের বিদায়ের পর রামেবি ভিসি থেকে চলে যান প্রফেসর ডা. মোস্তাক হোসেন। সংকট সৃষ্টি হলে সমাধানে নার্সিং শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। এ সুযোগে জামায়াতে আমির ডা. শফিকুর রহমানের সুপারিশে গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারের আমলে রামেবির উপাচার্য হিসেবে নিয়োগ পান প্রফেসর জাওয়াদুল হক। এরপর বিভিন্ন কর্মকাণ্ডে বিতর্ক ও সমালোচনা শুরু হয়। গণমাধ্যমে ধারাবাহিক রিপোর্ট প্রকাশ হলে সচেতন মহল নড়েচড়ে বসে এবং তাকে অপসারণের দাবি জানায়। মানববন্ধনও হয় তার বিরুদ্ধে। অবশেষে পদত্যাগ করলেন তিনি।

প্রতিনিধি/টিবি