জেলা প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ এএম
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) একটি বিশেষ অভিযান পরিচালনা করে কাস্টমস কর্তৃপক্ষের বিল অফ এন্ট্রি-সংক্রান্ত কাগজপত্র কালার স্ক্যানের মাধ্যমে জালিয়াতি করে অবৈধভাবে পণ্য পরিবহনের সময় প্রায় ৬৩ লাখ টাকা মূল্যের ৯ হাজার কেজি (৩০০ বস্তা) ভারতীয় জিরা ও ৫০ লাখ টাকা মূল্যের একটি ট্রাক জব্দ করেছে। জব্দ জিরা ও ট্রাকের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ১৩ লাখ টাকা।
সোমবার (৫ অক্টোবর) রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি সূত্রে জানা যায়, রোববার দুপুরে সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ট্রাকযোগে ঢাকার উদ্দেশে পরিবহন করা হতে পারে- এমন গোয়েন্দা তথ্যে সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় বিজিবি একটি বিশেষ তল্লাশি চেকপোস্ট স্থাপন করে।
একপর্যায়ে চেকপোস্ট থেকে প্রায় ৫০০ গজ দূরে বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক ট্রাকটি রেখে পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ট্রাকটি তল্লাশি করে বস্তাভর্তি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। এ সময় গাড়ির ড্যাশবোর্ড থেকে কাস্টমসের নথিপত্র কালার স্ক্যান ও জালিয়াতির মাধ্যমে প্রস্তুত করা বিল অফ এন্টি ও চালানপত্রের কপি পাওয়া যায়। পরবর্তীতে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে কাগজপত্র যাচাই-বাছাই করে বিল অফ এন্টি ও চালানপত্রগুলো জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।
জাল ও ভুয়া কাগজপত্র ব্যবহার করে অবৈধভাবে পণ্য পরিবহনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর জিরার সম্পূর্ণ চালান এবং ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।
দেশের অর্থনৈতিক স্বার্থ সুরক্ষা এবং চোরাচালান দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করার পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণকে সক্রিয় সহযোগিতা প্রদান এবং চোরাচালানের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
প্রতিনিধি/এলএ