Dhaka Mail Logo

সারাদেশ

মাদারীপুরে শিশু ধর্ষণের চেষ্টা, অভিযুক্তের বাড়ি ভাঙচুর-আগুন

জেলা প্রতিনিধি

০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৯ এএম

মাদারীপুরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতঘাড়ি ভাঙচুরের পর আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুদ্ধ এলাকাবাসী। 

সোমবার (৫ অক্টোবর) বিকেলে কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে একই গ্রামের হাবুল শিকদার (৫৭) চকলেট দেওয়ার কথা বলে পাঁচ বছর বয়সী এক শিশুকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ মেয়েটির পরিবারের। 

ঘটনা জানাজানি হলে হাবুল আত্মগোপনে চলে যান বলে স্থানীয়রা জানায়। পরে বিষয়টি আপস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি এবং থানায় মামলা না করার জন্য ভুক্তভোগী পরিবারকে চাপ দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ করা হয়। 

এতে ক্ষুব্ধ হয়ে সোমবার বিকেলে অভিযুক্তের বিচার ও গ্রেফতারের দাবিতে ঝাড়ু মিছিল করে। মিছিল শেষে একপর্যায়ে উত্তেজিত জনতা হাবিলের বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে তারা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম বলেন, ‘শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগের ঘটনা তদন্ত করা হচ্ছে। পাশাপাশি হাবুল শিকদারের বসতঘর ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিনিধি/এলএ