Dhaka Mail Logo

সারাদেশ

কিশোর অটোরিকশা চালক নিখোঁজ, ১০ দিন পর বিলে মিলল মরদেহ

জেলা প্রতিনিধি

০৬ অক্টোবর ২০২৬, ০১:৫০ এএম

নরসিংদীর রায়পুরায়  নিখোঁজের ১০ দিন পর মনির মিয়া (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শিকদারপাড়া এলাকার একটি বিলের কচুরিপানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মনির মিয়া উপজেলার চরসুবুদ্ধি এলাকার শাহ আলমের ছেলে। পেশায় সে একজন অটোরিকশাচালক ছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, গত ২৫ সেপ্টেম্বর অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন মনির। এ সময় তার কয়েকজন বন্ধু অটোরিকশায় ছিলেন। এরপর থেকে মনিরের কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি এবং ২৮ সেপ্টেম্বর রায়পুরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। 

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়দের মাধ্যমে মনিরের পরিবার জানতে পারে, আদিয়াবাদ এলাকার একটি বিলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ পড়ে আছে। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি মনিরের বলে শনাক্ত করেন।

রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, তার পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করে। নিহতের গলায় বেল্ট প্যাচানো ছিল। ধারণা করা হচ্ছে, অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার জন্যই মনির হোসেনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। অটোরিকশাটি উদ্ধারের চেষ্টা চলছে।

প্রতিনিধি/এলএ