জেলা প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৬, ০১:৪২ এএম
পটুয়াখালীর দশমিনায় ফুটবল খেলার মাঠে অসুস্থ হয়ে স্কুল শিক্ষার্থী মো. আনজুম (১৩) মৃত্যু হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে দশমিনা ইউনিয়নের সরকারি আবদুর রশিদ তালুকদার কলেজ সড়কসংলগ্ন খেলার মাঠে এ ঘটনা ঘটে।
নিহত আনজুম দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের মো. আরিফুর রহমানের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আনজুম আগে থেকেই অসুস্থ ছিল। বিকেলে কলেজ সড়কসংলগ্ন মাঠে ফুটবল খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মাঠে পড়ে যায়। এ সময় সহপাঠীরা তার মাকে খবর দিলে তিনি ঘটনাস্থলে এসে প্রাথমিকভাবে পানি খাওয়ান ও মাথায় পানি দেন। পরে তাকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সহপাঠী সাইদ জানায়, আনজুম ও আমি একই শ্রেণিতে পড়াশোনা করি। তার অ্যাজমার সমস্যা ছিল। বিকেলে কলেজের পাশের মাঠে আমরা ফুটবল খেলছিলাম। হঠাৎ সে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। আমি তার মাকে ফোনে খবর দিলে তিনি এসে তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানেই তার মৃত্যু হয়।
নিহতের বাবা মো. আরিফুর রহমান জানান, তিনি দশমিনা ব্র্যাক অফিসে চাকরি করেন। এ কারণে স্ত্রী-সন্তান নিয়ে দশমিনা উপজেলার সবুজবাগ এলাকায় ভাড়া বাসায় থাকেন। তার ছেলে অসুস্থ ছিল। বিকেলে ফুটবল খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং তাকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
প্রতিনিধি/এলএ