জেলা প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৬, ১২:২৭ এএম
পঞ্চগড়ের বোদা উপজেলায় হানিট্রাপে ফাঁসিয়ে এক যুবককে মারধর, জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া এবং নগদ টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগে দুই যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন- বোদা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি (৩০) এবং ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সোহেল রানা (৩৪)।
বোদা পৌরসভার প্রামানিকপাড়া শিমুলতলী মোড় থেকে রোববার (৫ অক্টোবর) বিকেলে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন ভুক্তভোগী যুবক ও স্থানীয়রা।
এ ঘটনায় সোমবার ভুক্তভোগী পরিমল চন্দ্র বর্মন (৩০) বোদা থানায় পাঁচ যুবদল নেতার নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে আসামি করে মামলা করেন।
তারা হলেন- আনোয়ার হোসেন রনি, সোহেল রানা, বোদা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহীন মজুমদার, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ এবং ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রাজু ইসলাম।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর রাতে আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের চামেশ্বরী এলাকার যতিন চন্দ্র বর্মনের ছেলে পরিমল চন্দ্র বর্মন বোদা পৌরসভার প্রামানিকপাড়া শিমুলতলী মোড়ে চা খেতে যান। এ সময় এক নারী তাকে কথা বলার জন্য কাছে ডাকেন। ওই নারীর কাছে যাওয়া মাত্রই মামলার আসামিরা ও তাদের সহযোগীরা তাকে আটক করে মারধর করেন।
পরে ওই নারীর সঙ্গে পরিমলের অনৈতিক সম্পর্ক রয়েছে- এমন অভিযোগ তুলে তাকে এলাকার ইলেকট্রিশিয়ান ইউসুফ আলীর বাড়িতে নিয়ে আবারও মারধর করা হয়। সেখানে ১০০ টাকার চারটি ফাঁকা স্ট্যাম্পে জোরপূর্বক তার স্বাক্ষর নেওয়া হয়। একই সঙ্গে তার কাছে থাকা নগদ টাকা ও মোটরসাইকেলের চাবি নিয়ে মোটরসাইকেলটিও ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।
এ সময় বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে তাকে আটোয়ারী মোড়ে পৌঁছে দিয়ে চলে যায় তারা। পরে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান পরিমল। পরদিন বিকেলে পরিবারের সদস্যদের নিয়ে তিনি বোদা পৌরসভার প্রামানিকপাড়া শিমুলতলী মোড়ে গেলে আনোয়ার হোসেন রনি ও সোহেল রানাকে দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে পরিমলের স্বাক্ষর নেওয়া স্ট্যাম্প ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
এদিকে, ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চার যুবদল নেতার পদ স্থগিত করে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বোদা পৌর যুবদল। রোববার পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক অলিয়ার রহমান অলি ও সদস্য সচিব আফছারুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আনোয়ার হোসেন রনি, সোহেল রানা, শাহীন মজুমদার ও মাহবুব আলম আরিফের প্রাথমিক সদস্যপদসহ দলীয় পদ স্থগিতের কথা জানানো হয়। তবে ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রাজু ইসলামের পদ স্থগিত করা হয়নি।
বোদা পৌর যুবদলের সদস্য সচিব আফছারুল ইসলাম বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চারজন নেতার পদ স্থগিত করে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে। তবে রাজু এ ঘটনায় জড়িত ছিলেন না। তার নাম কেন মামলায় দেওয়া হয়েছে, তা বুঝতে পারছি না।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, এ ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/এলএ