Dhaka Mail Logo

সারাদেশ

রংপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

জেলা প্রতিনিধি

০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পিএম

রংপুর নগরীর সিওবাজার এলাকায় ভাড়া বাসা থেকে বিউটি বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী মিজানুর রহমান পলাতক রয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত বিউটি বেগম কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের বাবুল ব্যাপারীর মেয়ে। সাত বছর আগে মিজানুর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। তাদের কোনো সন্তান নেই। বিউটি বেগম নগরীর ধাপ এলাকার একটি প্যাথলজি ল্যাবে কর্মরত ছিলেন।

নিহতের ভাতিজা রিয়াদ মাহমুদ বলেন, তার ফুফা মিজানুর রহমান ফোন করে জানান, বিউটি অসুস্থ হয়ে পড়েছেন। খবর পেয়ে তিনি ভাড়া বাসায় গিয়ে দেখেন, বাসার দরজা বন্ধ এবং ভেতরে কেউ সাড়া দিচ্ছেন না। পরে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করে বিউটির ঝুলন্ত মরদেহ দেখতে পান। এ সময় তার হাঁটু মেঝেতে লাগানো অবস্থায় ছিল। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, সোমবার সকাল থেকে বিউটি ও তার স্বামীর মধ্যে ঝগড়া চলছিল। দুপুরের পর বাসা থেকে আর কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে স্বজনেরা বাসায় গিয়ে বিউটির মরদেহ দেখতে পান।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/এসএস